কৃষকের ছদ্মবেশে পুলিশের অভিযান: ভাঙ্গায় দুর্ধর্ষ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মোঃ জাকির হোসেন মুন্সি , ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০৩:৫৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশ ধারণ করে এক দুর্ধর্ষ ডাকাত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙ্গা থানার এএসআই মো. আতাউর রহমানের নেতৃত্বে অভিনব এই কৌশলের সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার জিআর-৩২৪/২৪ মামলার (ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. কাউছার শেখ (৩৫) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতারে বিশেষ পরিকল্পনা করে পুলিশ। এরই অংশ হিসেবে এএসআই মো. আতাউর রহমান কৃষকের বেশ ধারণ করে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গা থানাধীন পশ্চিম হাসামদিয়া এলাকায় ছদ্মবেশী আতাউর রহমান সুযোগ বুঝে কৌশলে কাউছার শেখকে শনাক্ত করেন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হন। আটক কাউছার শেখ ওই এলাকার মৃত দাউদ শেখের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন অভিনব কৌশল দেখে বিস্মিত হন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল—গ্রেফতারের পর পুলিশ ও আসামি উভয়ের মুখেই হাসি দেখা যায়। কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে গ্রেফতার হওয়ায় এক ধরনের স্বস্তির পরিবেশ তৈরি হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এসআই মো. আফজাল হোসাইন ও এএসআই মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় এই সাফল্য আসে।

তিনি আরও বলেন "মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। অপরাধীদের ধরতে কৌশলগত এমন সাহসী ও ব্যতিক্রমী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Advertisement

Link copied!