রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের রওশনপুর ও দুরামিঠিপুর গ্রামের সংযোগস্থল মাঝিপাড়া এলাকার রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই কাঁচা ও ভাঙাচোরা এই সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য সময়মতো হাট-বাজারে পৌঁছানো সম্ভব হয় না। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয় এবং সৃষ্টি হয় বড় বড় গর্ত। ফলে ভ্যান, অটোরিকশা কিংবা মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয় শিক্ষার্থীরা জানায়, বর্ষা মৌসুমে স্কুলে যেতে গিয়ে প্রায়ই কাদা পানিতে পড়ে যেতে হয়। অনেক সময় অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠাতেই ভয় পান। অন্যদিকে কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, সাধারণ যানবাহনও ওই এলাকায় প্রবেশ করতে পারে না বলে অভিযোগ গ্রামবাসীর।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময়েজনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শনে এসে আশ্বাস দিলেও বাস্তবে রাস্তার উন্নয়নে কোনো কাজ হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্ষা এলেই আমরা যেন একপ্রকার ঘরবন্দী হয়ে পড়ি। হাট-বাজারে যাওয়া, কৃষিপণ্য আনা-নেওয়া কিংবা অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া—সবকিছুতেই চরম দুর্ভোগ পোহাতে হয়। বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই পাচ্ছি, কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না।”
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কার ও পাকা সড়ক নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :