উদ্ভাবননির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনের প্রত্যয়ে যশোরের কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ছিল। এ আয়োজন শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার ওপর আরও জোর দিতে হবে।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন তার বক্তব্যে বলেন, বিজ্ঞান শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা থাকতে হবে। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি করে এবং তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও অনুসন্ধিৎসা বৃদ্ধি করে।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষভাবে আকর্ষণ করে স্মার্ট সিটি, সোলার পাওয়ার ভিলেজ, স্মার্ট হাইওয়ে লাইটিং, অ্যাকুয়া ভোল্ট এবং বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি।
প্রতিযোগিতার ফলাফলে সিনিয়র গ্রুপে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আনিকা জামান প্রাপ্তি প্রথম, বুশরা ইবনাত দ্বিতীয় এবং কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের তমাল মল্লিক তৃতীয় স্থান অর্জন করে। একই কলেজের আরিয়ান জাহিন আরাফ ও অর্থী ঘোষ যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করে।
জুনিয়র গ্রুপে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের জুবায়ের রহমান সায়িব প্রথম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামিয়া নেওয়াজ দ্বিতীয় এবং মোহসিনা ইসলাম তৃতীয় স্থান অর্জন করে। একই বিদ্যালয়ের সাওদা নেওয়াজ ও নন্দিতা দাশ চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করে।
এছাড়াও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় সাগরদাঁড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রথম, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :