টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

আবু হুমাইর , টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০২:৪৫ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে।

Link copied!