বিমানবন্দর থেকে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা পিয়াস ৭ মামলায় কারাগারে

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হওয়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে ৭ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারের পর শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে কুমিল্লার ১নং আদালতে হাজির করা হলে বিচারক মমিনুল ইসলাম পিয়াসকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

কুমিল্লার আদালত পরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে আদালতের আদেশের পর বিকেলে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ অন্তত ১১টি মামলার আসামি সাদেকুর রহমান পিয়াস। এর মধ্যে ৭টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারের পর তাকে ঢাকা বিমানবন্দর থানা মসোপর্দ করা হয়। সেখান থেকে রাতেই কুমিল্লা জেলা পুলিশ সাদেকুর রহমান পিয়াসকে তাদের হেফাজতে নিয়ে আসে। এরপর শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিমানবন্দর থানার ওসি (অপারেশন) শরীফ হোসেন প্রতিদিনের কাগজ কে বলেন, বৃহস্পতিবার বিকেলে ইমিগ্রেশন পুলিশ সাদিকুর রহমান পিয়াসকে আটক করে আমাদের হেফাজতে রাখে। রাতে এই বিষয়টি কুমিল্লা জেলা পুলিশকে জানানো হলে তাদের টিম এসে তাকে নিয়ে যায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, সাদেকুর রহমান পিয়াসের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মোট ৯টি মামলা রয়েছে।

এছাড়া সদর দক্ষিণ থানার দুটি মামলায়ও তিনি আসামী। আজকে আমরা তাকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার সাতটি মামলায় গ্রেফতার দেখিয়েছি। বাকি দুটি মামলার মধ্যে একটি মামলা ডিবি তদন্ত করছে, অপর একটি মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে আছেন। তিনি ফিরলে সে মামলায়ও পিয়াসকে শোন এরেস্ট দেখানো হবে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি সিরাজুল মোস্তফা প্রতিদিনের কাগজকে জানায় সাদেকুর রহমান পিয়াসের গ্রেফতারের বিষয়টি জেনেছি। তবে তার বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

Link copied!