খাগড়াছড়ির চেঙ্গী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাওয়ার মধ্য দিয়ে শুরু হলো চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বিজু’।
রবিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ‘ফুল বিজু’ উপলক্ষে চেঙ্গী নদীতে চাকমা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির নারী-পুরুষ, শিশু-কিশোর-কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা নিজেদের পোশাকে সেজে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে দেশ এবং জাতির মঙ্গল কামনা করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। এর আগে ভোরবেলায় কিশোর-কিশোরীরা ফুল সংগ্রহ করে।
আজকের দিনটিকে চাকমা সম্প্রদায় ‘ফুল বিজু’ বলে থাকে। এই দিনে পুরাতন বছরের সকল দুঃখ-কষ্ট মুছে গিয়ে নতুন বছর যেন ফুলের মতো সুন্দর হয়ে সম্প্রীতির বন্ধনে সকলে মিলেমিশে বসবাস করতে পারে, সেই প্রার্থনাই করা হয়। আগামী তিন দিনব্যাপী চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক এই বিজু উৎসব পালিত হবে।
আপনার মতামত লিখুন :