হামের প্রাদুর্ভাব রুখতে ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে মাসব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মোট ৬০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
গতকাল রবিবার (১২ এপ্রিল) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদসহ স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, “শিশুকে নিরাপদ রাখা মানে রাষ্ট্রকে নিরাপদ রাখা। শিশুদের নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। যারা টিকাদান কার্যক্রমে কাজ করেন, তারা টিকা দেওয়াকে চাকরি মনে না করে, এটাকে যদি নিজেদের দায়িত্ব মনে করেন, তাহলে টিকাদান কার্যক্রম আরও সফলতা বয়ে আনবে। আমরা চাই, আর একটি শিশুও হামে আক্রান্ত না হোক। হাসপাতালে চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে শিশুদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে এক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।”
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রমে ৭০টি দলে বিভক্ত হয়ে ৭০ জন স্বাস্থ্যকর্মী এবং ১৪০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন।
এদিকে, হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১২ শিশুর মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৭৩ শিশু। গত ১৭ মার্চ থেকে ১২ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৯৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। তিনটি মেডিকেল দল গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :