ত্রিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:১৬ পিএম

ময়মনসিংহে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ । সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। বীররামপুর ভাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন: সুজন মিয়া (২৮) পিতা- আজগর আলী, সাং- বীররামপুর ভাটিপাড়া, ত্রিশাল আব্দুল মান্নান (৩৫): পিতা- আব্দুল মতিন, সাং- বীররামপুর ভাটিপাড়া, ত্রিশাল।

তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও যোগাযোগের সরঞ্জাম জব্দ করা হয়েছে । তার মধ্যে রয়েছে ইয়াবা: ৬৭ পিস (আনুমানিক বাজারমূল্য ৩৩,৫০০/- টাকা), গাঁজা: ২০০ গ্রাম (আনুমানিক বাজারমূল্য ৪,০০০/- টাকা), মোবাইল ফোন: মাদক কেনাবেচায় ব্যবহৃত ০২টি স্মার্টফোন এবং ০১টি বাটন ফোন।

পুলিশের অপরাধ ডাটাবেজ (CDMS) যাচাই করে দেখা গেছে, ২নং আসামি আব্দুল মান্নান একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ত্রিশাল (২০২২), ভালুকা (২০২৫), কক্সবাজারের রামু (২০২৪) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় (২০১৯) মামলাগুলো দায়ের করা হয়েছিল।

এই ঘটনায় এসআই তারেক হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ত্রিশাল থানায় একটি মামলা (মামলা নং-১১, তারিখ: ১৩/০৪/২০২৬) দায়ের করেছেন। 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মেদ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। অপরাধীদের দমনে পুলিশ কোনো আপস করবে না। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Link copied!