জামালপুরের মেলান্দহে তিন হাজার ছয়শ পিস ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) সকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মেলান্দহের আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল-আমিন শিলু এবং হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আল-আমিন শিলু মেলান্দহের আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মৃত মজনু শেখের ছেলে এবং আইয়ুব আলী একই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে সোমবার রাত ৮টায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমীন জানান, মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ৩৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি আরও জানান, এ বিষয়ে সোমবার রাত ৮টায় মাদক নিয়ন্ত্রণ আইনে আল-আমিন শিলু ও আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে আল-আমিন শিলুকে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :