আগৈলঝাড়া প্রেসক্লাবে বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০১:৪৭ পিএম

সৈকত বাড়ৈ, আগৈলঝাড়া: উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার সকাল ৮টায় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। রঙিন ব্যানার-ফেস্টুন ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন। বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির চিরায়ত মূল্যবোধ তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সরদার হারুন রানা, মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি এইচ এম মাসুম ও সাইফুল মৃধা, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, যুগ্ম সম্পাদক এল আর মানিক ও মানিক হাওলাদারসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সদস্যদের জন্য আয়োজন করা হয় বৈশাখী ভোজ। পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারে অংশ নিয়ে সবাই মেতে ওঠেন নববর্ষের আনন্দে।

Advertisement

Link copied!