ঝিনাইদহের কোটচাঁদপুরে জনস্বাস্থ্যের জন্য হুমকি ও পশু সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এক মাংস ব্যবসায়ীকে জরিমানার আওতায় এনেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ মে) সকালে উপজেলার সাফদারপুর বাজারে পরিচালিত এক বিশেষ অভিযানে এ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সাফদারপুর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা। অভিযানে মো. ফজলুর রহমান নামে এক মাংস ব্যবসায়ীকে ভ্রূণসহ (বাছুর) গাভী জবাই করতে দেখা যায়, যা আইনত দণ্ডনীয় এবং চরম অমানবিক।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪ ধারায় অভিযুক্তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জব্দ করা প্রায় ২৫ কেজি অস্বাস্থ্যকর ও অবৈধ মাংস জননিরাপত্তার স্বার্থে জনসম্মুখে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, "জনস্বাস্থ্য রক্ষা এবং পশুর সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাছুরসহ গাভী জবাই শুধু আইনত অপরাধই নয়, এটি অমানবিক কাজও। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিয়মবহির্ভূতভাবে অসুস্থ পশু জবাই করে বাজারে বিক্রি করে আসছিল। এ অভিযানের ফলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন তারা।
ঘটনাটি জানাজানি হলে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বাজারে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী— বাছুরসহ গাভী জবাই বা অস্বাস্থ্যকর মাংস বিক্রি করলে সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড অথবা সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
আপনার মতামত লিখুন :