মাগুরার শালিখা উপজেলার মশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি খুলে দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, সাউন্ড বক্সসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা প্রথমে অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে আলমারির তালা খুলে সেখানে থাকা গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বিশ্বাস জানান, ১ মে সকাল সাড়ে ১০টার দিকে নৈশপ্রহরী শাহাবুদ্দিন মোল্লা ফোন করে চুরির বিষয়টি তাকে অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যালয়ে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সঙ্গে সঙ্গে সিংড়া পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান। পরে ক্যাম্পের ইনচার্জসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নৈশপ্রহরী শাহাবুদ্দিন মোল্লা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বিদ্যালয় ঘুরে বাড়ি চলে যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে এসে দেখেন অফিস কক্ষের হেজবোল্ট ভাঙা এবং তালা ফ্লোরে পড়ে আছে। ভেতরে গিয়ে আলমারি খুলে দেখতে পান ল্যাপটপ, প্রজেক্টর ও সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র নেই। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান শিক্ষককে জানান।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সব তালার চাবি সাধারণত আমার কাছেই থাকে। ঘটনার দিন আলমারির তালা দিয়ে চাবিগুলো আলমারির ওপরেই রেখে যাওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, চোরেরা সেই চাবি ব্যবহার করেই আলমারি খুলে মালামাল নিয়ে গেছে।
সিংড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুমিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :