ভৈরবে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত কয়েকজন

জয়নাল আবেদীন রিটন , ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৪:২১ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার দিকে শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর রেলক্রসিং সংলগ্ন ওভারব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

এতে কাভার্ডভ্যান চালক জাবেদ মিয়াসহ কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় চালক জাবেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত জাবেদ মিয়া সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হামিদপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত কাভার্ডভ্যানের চালক জাভেদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে আনা হয়েছে। দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Link copied!