নিয়ামতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নির্মাণ শ্রমিকদের র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা একটি শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেকেন্দার আলী। এছাড়া জিয়াউর রহমান, নুহ আলম, মজিবর এবং আক্কাস আলীসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এ সময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চুও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম হলেও তারা এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তারা শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশেষ করে সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেন। একই সঙ্গে তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা আরও বলেন, শ্রমিকদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে ইমারত নির্মাণ শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে ঘর নির্মাণ প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়।

Link copied!