গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট

মোঃ জামাল উদ্দিন , নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৪:৩০ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সরকারি কোয়ার্টারে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জানালার গ্রিল কেটে ডাকাতরা কোয়ার্টারে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা কর্মকর্তা দম্পতিকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আশপাশের লোকজনের সহায়তায় জিম্মি দম্পতি মুক্ত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশও তদন্তে নেমেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Link copied!