সোনাতলায় ছাত্রদলের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফয়সাল আহম্মেদ , সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৫:৫০ পিএম

বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১লা মে শুক্রবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আজিজুর রহমান জাকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদুর রহমান চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জরিফুল ইসলাম, সোনাতলা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবিরসহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ, আরমান, রবিনসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুর রহমান চাঁদ বলেন, "বর্তমান সময়ে পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ছাত্রদল সবসময় জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।"

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, "গাছ আমাদের জীবন বাঁচায়, পরিবেশকে সুস্থ রাখে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করা।"

আয়োজকরা জানান, শুধু গাছ লাগানোই নয়, এসব গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মসূচিটি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!