নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মোমরেজ আলম , নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০১:৫১ পিএম

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক আনন্দঘন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যবাহী নানা উপকরণ, যা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নতুন বছরকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস ও আনন্দে মুখর ছিল পুরো পরিবেশ।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নগরকান্দায় এ আয়োজনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ, যা পুরো উপজেলাজুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

Advertisement

Link copied!