নাশকতার মামলায় জামিন নিতে গিয়ে বকশীগঞ্জে ৯ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কারাগারে

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:৪৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার একটি মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামালপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধিতার কারণে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা। আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান সজল, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ফটো, আক্কাস আলী, ইউপি সদস্য আবদুর রহমান মুন্সি ও শ্রমিক লীগ নেতা ইয়াহিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এই নেতারা। তাঁরা জামালপুর কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন কিন্তু জজ কোর্টের পিপি আনিছুজ্জামান গামা আসামিদের জামিনের বিরোধিতা করলে আদালত ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

Link copied!