ত্রিশালে ধানক্ষেতে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০১:১৫ এএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধানক্ষেত থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ত্রিশাল থানাধীন মঠবাড়ী ইউনিয়নের রায়মনি (বামনখালী মধ্যপাড়া) এলাকার বাসিন্দা মোতালেব হোসেন (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ত্রিশাল থানার একটি টিম ঘটনাস্থলে যায়। কিল্লা-৪ ডিউটিতে নিয়োজিত এসআই তারেক হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে অতিরিক্ত পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত মোতালেব হোসেন মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে বের হয়ে নিজ ধানক্ষেত দেখতে যান। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার ছেলে আলী হোসেন (১৭), নাতি শিমুল (১৭) ও বড় ভাই মজিবুল হক (৬০) ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতের পাশে মাছের বিলের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায় এবং কাপড়ের থলিতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তার শরীরের ঘাড়, মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই উদঘাটন করে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।

Link copied!