ভৈরবে ইউপি চেয়ারম্যানকে পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জয়নাল আবেদীন রিটন , ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ০১ মে, ২০২৬, ০২:০৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপনকে হয়রানির প্রতিবাদে এবং চেয়ারম্যান হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। গতকাল বিকেল ৪টায় শিমুলকান্দি হাইস্কুলের সামনে ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

"আমরা সবাই কাকে চাই, রিপন ভাই রিপন ভাই, ও রিপন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে হাইস্কুল এলাকা। বর্তমানে রিপন চেয়ারম্যান জামিনে মুক্তি পেয়ে বাড়িতে থাকলেও পরিষদের কোনো দায়িত্ব পালন করতে পারছেন না। মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা খোরশেদ আলম আল-আমিনকে পরিষদে চেয়ারম্যান হিসেবে চান না। তাঁরা ভোট দিয়ে মিজানুর রহমান রিপনকে নির্বাচিত করেছেন। তাঁরা মিজানুর রহমান রিপনকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্বে দেখতে চান। একজন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের সদস্য খোরশেদ আলম ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ এনে নানাভাবে হয়রানি করেছেন এবং কৌশলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তাঁরা চান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে রিপন চেয়ারম্যানকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দিক। মানববন্ধন থেকে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত রিপন চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

সাবেক সেনা সদস্য ও শিমুলকান্দি ইউনিয়নের বাসিন্দা আতাউর রহমান বলেন, একজন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান রিপন। তাঁকে ষড়যন্ত্র করে পরিষদ থেকে দূরে রাখা হয়েছে। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে রিপন চেয়ারম্যানকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দিক।

আরেক বক্তা চাঁন মিয়া বলেন, সকল মামলা থেকে জামিন পেয়ে রিপন চেয়ারম্যান বাড়িতে রয়েছেন। তবু পরিষদ থেকে উপকারভোগীরা কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। এদিকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম চাইলে সবাইকে উপকার করতে পারছেন না। মেম্বার খোরশেদ আলম পরিষদে এসে রিপন চেয়ারম্যানের সাথে ঐক্যবদ্ধভাবে তাঁর নিজ দায়িত্ব পালন করুক।

বর্তমান ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে পরিষদের সদস্য খোরশেদ আলম ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ এনে নানাভাবে হয়রানি করেছেন এবং কৌশলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে। তিনি আরও বলেন, চেয়ারম্যান দায়িত্বে না থাকায় ইউনিয়নের সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ সময় বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জজ মিয়া, মনোয়ার হোসেন হিমেল, নাসিমা বেগম, সাবেক ইউপি সদস্য জজ মিয়াসহ স্থানীয়রা। তাঁরা অভিযোগ করেন, মিথ্যা মামলায় চেয়ারম্যানকে হয়রানি করা হয়েছে।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলায় শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপন দীর্ঘদিন জেলে ছিলেন। সেই সুবাদে প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে রিপন চেয়ারম্যান জামিনে মুক্তি পেয়ে বাড়িতে থাকলেও পরিষদের কোনো দায়িত্ব পালন করতে পারছেন না। স্থানীয়দের দাবি, খোরশেদ আলম ষড়যন্ত্র করে অবৈধভাবে পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Link copied!