'দুনিয়ার মজদুর এক হও, এক হও'—এই দৃপ্ত স্লোগান আর শ্রমিক ঐক্যের জোরালো আহ্বানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে গোপালগঞ্জ একতা মোটর শ্রমিক ঐক্য।
সকাল সাড়ে ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার পৌর বাস টার্মিনাল থেকে র্যালিটি শুরু হয়। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকদের হাতে মে দিবসের তাৎপর্য সংবলিত ব্যানার, ফেস্টুন এবং লাল পতাকা শোভা পাচ্ছিল। মোটর শ্রমিকদের সুশৃঙ্খল পদযাত্রা পুরো এলাকায় এক উৎসবমুখর ও সংহতিপূর্ণ পরিবেশ তৈরি করে।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ একতা মোটর শ্রমিক ঐক্য ও স্থানীয় শ্রমিক নেতারা সংহতি প্রকাশ করে বলেন, "আমরা দেশের সকল শ্রমিক একতাবদ্ধ হতে চাই। অধিকার ও ন্যায্য দাবি আদায়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।" সমাবেশ থেকে শ্রমিক নেতারা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন।
আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগে পবিত্র ফাতেহা পাঠ ও আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। র্যালি শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বক্তারা আগামী দিনে শ্রমিক স্বার্থ রক্ষায় এবং যেকোনো শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রাজপথে সজাগ থাকার অঙ্গীকার ব্যক্ত করে কর্মসূচি সমাপ্ত করেন।
আপনার মতামত লিখুন :