লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে মাদক, অনলাইন জুয়া এবং ক্যাসিনোর উৎপাত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত এপ্রিলে সারা মাস জুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, অনলাইন জুয়া ও ক্যাসিনোর এজেন্টসহ মোট ২৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর চৈতারবাজার, কুচলিবাড়ি ললিতারহাট, রহমানপুর, পাটগ্রাম পৌর সাহেব ডাঙ্গা, স্টেশনপাড়া, সোহাগপুর সহ আরও বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আবু বক্কর সিদ্দিক সবুজ, মতিয়ার রহমান বাবু, সামিদুল ইসলাম, গোপাল চন্দ্র শীল, সাব্বির ইসলাম, তারিকুল, রাকিব ইসলাম, লিটন আহমেদ, শাহাজাহান মিয়া, রতন আলী, তাছমিরান ইসলাম। সকলকে আটকের পর লালমনিরহাট জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, পাটগ্রাম থানায় যোগদানের পরেই তিনি মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, অনলাইন ক্যাসিনো এজেন্ট ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছিলেন। তাঁর এই কড়া বার্তার পর থেকেই পাটগ্রাম উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, গত এপ্রিলে সারা মাসে বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ২৬ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :