হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের বদলে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি সেলিম ভূঁইয়ার

কুমিল্লার হোমনা উপজেলায় এক ব্যতিক্রমধর্মী নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার পরিবর্তে সেই অর্থ অসহায় মানুষের মাঝে বিতরণের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া।

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি (উত্তর পাড়া) গ্রামের মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি নিজেই।

অনুষ্ঠানে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন, “আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে, এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দিন—আমার সামনে। তাতেই আমি বেশি খুশি হবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ আলম হিমেল ও নুরুজ্জামান মিন্টু, এবং শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার।

ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নিলয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন শাহজাহান (সম্রাট) ও আমির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। জবাবে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী দুই বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়ায় হোমনার চিত্র বদলে যাবে।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

নাগরিক সংবর্ধনা শেষে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সেখানে তিনি বিদ্যালয়ের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন এবং বিদ্যালয়ের উন্নয়নে যা কিছু প্রয়োজন তার সকল কাজে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেন।

Link copied!