কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মধুপল্লী: উপড়েছে গাছ, শুরু হয়েছে সংস্কার

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ০১:৪৭ পিএম

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্য সাগরদাঁড়ীতে অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর স্মৃতিবিজড়িত জন্মভিটা ভয়ংকর কালবৈশাখী ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২ মে) মৌসুমের প্রথম তীব্র ঝড়ে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ঐতিহ্যবাহী মধুপল্লী এলাকা ও আশপাশের পর্যটন কেন্দ্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়েই পুরো এলাকা ঘন অন্ধকারে ঢেকে যায়। প্রবল বাতাসে উপড়ে পড়ে বহু প্রাচীন ও বিশাল বটগাছ, যার সঙ্গে জড়িয়ে আছে কবির স্মৃতি ও সাহিত্যিক ইতিহাস। এমনকি এই বটগাছকে ঘিরে কবির রচনার উল্লেখও রয়েছে।

ঝড়ের আঘাতে মধুসূদন একাডেমি প্রাঙ্গণ এবং মূল ভবনের আশপাশের বহু পুরনো ও দুষ্প্রাপ্য গাছপালা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বড় বড় আমগাছ শিকড়সহ উপড়ে পড়ে ভবন ও সীমানা প্রাচীরের ওপর আছড়ে পড়ে, ফলে বিভিন্ন স্থাপনা আংশিক ও গুরুতর ক্ষতির মুখে পড়ে।

এছাড়া ভেঙে পড়া গাছ বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে গেছে লাইন, ভেঙে পড়েছে খুঁটি ফলে সাগরদাঁড়ী পর্যটন কেন্দ্রসহ পুরো এলাকা এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এতে দর্শনার্থীদের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে।

ঝড়ে ক্যাম্পাসের নির্দেশিকা বোর্ড, টিনশেড স্থাপনা ও অস্থায়ী কাঠামোও দুমড়ে-মুচড়ে গেছে। ঝড় থামার পরপরই কর্তৃপক্ষ উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে। সড়কে পড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মোঃ হাসানুজ্জামান বলেন, হঠাৎ এই কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। তিনি আরও জানান, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে স্থানটি দর্শনার্থীদের জন্য স্বাভাবিক করতে কাজ চলছে এবং এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ঐতিহ্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানটি দ্রুত পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

 

Link copied!