ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ মে) বিকেলে নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম বিকেল সাড়ে ৫টার দিকে অমৃত সি.কে ঘোষ রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রাসেল ভূইয়া (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা। গ্রেফতারকৃত রাসেল ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে।
এর কিছুক্ষণ আগে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডিবির আরেকটি দল কোতোয়ালী থানাধীন চকনজুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৭০ পিস ইয়াবাসহ মোঃ নাদিম মাহমুদ (২৬) নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। নাদিম চকনজুর এলাকার মো. আলম মিয়ার ছেলে। তার বিরুদ্ধেও পূর্বের একটি মামলা রয়েছে।
ডিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও সফল অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
আপনার মতামত লিখুন :