ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (৩৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ মে) রাতে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন চরঝাউগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) নির্দেশনায় ডিবি পুলিশের ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ)-এর নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। শনিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে ডিবির একটি চৌকস দল চরঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মোঃ আল আমিন (৩৭) কোতোয়ালী থানার চরঝাউগড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, আল আমিন একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন অপরাধে ৩টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আসামিকে আজ (৩ মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এই সফল অভিযানের ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
আপনার মতামত লিখুন :