লোহাগড়ায় টাকার প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০১:৩৪ পিএম

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় একটি ফার্নিচারের দোকানে ডেকে নিয়ে ৫০০ টাকার প্রলোভনে ১১ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সোমবার (৪ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যবসা করেন।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে দুপুরের দিকে প্রতিবন্ধী শিশুটি পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ফার্নিচার দোকানের মালিক আকতার খান ওই শিশুটিকে তার দোকানে ডেকে নিয়ে যান। পরে তাকে দোকানের ভেতর নিয়ে ৫০০ টাকা দেওয়ার প্রলোভনে জোর করে ধর্ষণ করেন। স্থানীয়রা ঘটনা জানতে পেরে প্রথমে ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনা কাউকে বলতে নিষেধ করে। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে সাংবাদিকরা মাঠে নামেন এবং সকল তথ্য বেরিয়ে আসে। ধর্ষিতা শিশু সকল ঘটনা খুলে বলে। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আকতার খান পলাতক রয়েছেন।

ভুক্তভোগী ওই শিশুর পিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি দিনমজুর, গুচ্ছ গ্রামে বসবাস করি। যে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকতার খানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, "এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

Link copied!