ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের অনুরোধে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার সংলগ্ন "হাফিজ ইব্রাহিম কলেজ প্রাঙ্গণে" স্কয়ার ফার্মাসিউটিক্যালস ফ্রি হেলথ কেয়ার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আলহাজ্ব হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, আজ ২ হাজার ৬০০ সুবিধাবঞ্চিত অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে এবং আরও ২ হাজার মানুষ এই সেবা গ্রহণ করছেন। সংসদ সদস্য আরও জানান, বোরহানউদ্দিন উপজেলার ন্যায় দৌলতখান উপজেলাতেও এই সেবা দেওয়া হবে। এছাড়াও আগামীতে যাতে এই বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত থাকে, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে দেশের ও বিদেশের বড় বড় ডাক্তারদের এনে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আয়োজকদের এমন মানবিক কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজিত এই স্কয়ার ফার্মাসিউটিক্যালস ফ্রি হেলথ কেয়ার ক্যাম্পে অভিজ্ঞ ১০-১২ জন চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এর পাশাপাশি সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্র এক হাজারেরও অধিক রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বেশি প্রয়োজন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গ্রামাঞ্চলের সাধারণ মানুষ নানা কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ এলাকার দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :