বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাজাহানপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের পেঁয়াজ সংরক্ষণ সুবিধা বাড়াতে আধুনিক এয়ার ফ্লো মেশিনও বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ ধরনের সহায়তা কৃষকদের আরও উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারের উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি এবং কোষাধ্যক্ষ রফিক ইসলাম রফিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার আমেনা বেগম।
উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে আধুনিক কৃষি উপকরণ ও প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :