শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, আটক ১

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৫:৪৪ পিএম

২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের পশু চিকিৎসক অনিমেষ পরামাণ্যকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে সুন্দরবনের ধোলাই খাল থেকে একটি জেলে নৌকায় করে তাকে মীরগাং এলাকায় নিয়ে আসা হয়। এই অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মাহমুদুল হাসান ডনকে আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ মে (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে গরুর চিকিৎসা করানোর কথা বলে অনিমেষকে সুন্দরবন বাজার থেকে ডেকে নিয়ে যান ট্যাংরাখালীর আশরাফ নামের এক ব্যক্তি। এরপর তাকে সুন্দরবনের গহীনে নিয়ে গিয়ে তার নিজের মোবাইল থেকেই স্ত্রী সবিতা রানীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়। এ ঘটনায় শনিবার রাতেই থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ তাকে উদ্ধারে চিরুনি তল্লাশি শুরু করে।

একপর্যায়ে বনদস্যুদের কথামতো সাত লাখ টাকার বিনিময়ে চিকিৎসককে ছাড়িয়ে আনতে রবিবার রাত ৯টার দিকে মীরগাং এলাকায় যান অনিমেষের স্ত্রী সবিতা রানী ও শ্যালক দেবদাস। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, রবিবার রাতে মুক্তিপণের কিছু টাকাসহ সবিতা ও তার ভাইকে নিয়ে পুলিশ যতীন্দ্রনগর ও মীরগাং এলাকায় অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আর যোগাযোগ করেনি।

এদিকে সোমবার সকাল ১০টায় কোস্টগার্ড, পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই পৌনে ১০টার দিকে বনদস্যুরা তাকে ধোলাই খাল এলাকায় শাহীনুরের জেলে নৌকায় তুলে দিয়ে মুক্তি দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মীরগাং গ্রামের শাহীনুর জানান, রবিবার সন্ধ্যায় একই এলাকার মাহমুদুল ও জব্বার তাকে বিকাশের মাধ্যমে টাকা এবং অনিমেষের জন্য খাবার দিয়ে আসতে বললে তিনি ধোলাই খালের পাড়ে গিয়ে তা দিয়ে আসেন। স্থানীয় একটি সূত্র জানায়, মীরগাং গ্রামের সাগর ভাঙির স্ত্রী মক্ষীরানী (প্রিয়ঙ্কা মণ্ডল), আনারুলসহ কয়েকজনের সঙ্গে পরামর্শ করে মাহমুদুল ও জব্বার এই অপহরণের পরিকল্পনা করেছিল।

ওসি খালেদুর রহমান আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

Advertisement

Link copied!