রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষি পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন হাটে পেঁয়াজ, রসুন ও আমসহ নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে নানা অনিয়ম ও কারচুপি রোধে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষকরা যাতে ওজনে না ঠকে, সেজন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যবসায়ী ওজনে বেশি নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা ফেরাতে ডিজিটাল স্কেল ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
কৃষকের ফসলের সঠিক মূল্য ও ওজন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করবে উপজেলা প্রশাসন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, থানা প্রতিনিধি এস আই আলামিন এবং বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মসিউর আজম চুন্নু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :