ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ মে) বিকেলে ও সন্ধ্যায় নগরীর কোতোয়ালী এবং ফুলপুর থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) নির্দেশনায় ডিবির ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ)-এর নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয় নগরীর আকুয়া এলাকায়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আকুয়া ২৮ নং ওয়ার্ড (ওয়ারলেস দক্ষিণ পাড়া) থেকে মোঃ ইয়াসিনুর রহমান (২২) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিনুর ওই এলাকার মো. আতাউর রহমানের ছেলে।
অপর এক সফল অভিযানে রাত ৭টা ০৫ মিনিটের দিকে ফুলপুর থানাধীন বাঁশাটি এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর জেলার নকলা থানার রানী সিংহ দরপট এলাকার রাহাদুল (৩০) ও মোঃ নেওয়াজ আলী (২৬) এবং গৌড়দার এলাকার শ্যামল (২৭)। তাঁদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী ও ফুলপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ মে) গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এই চক্রের মূল হোতা ও অন্যান্য সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ডিবির এই তৎপরতায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলার নিরাপত্তায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
আপনার মতামত লিখুন :