নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক শিশুকে ২১ বছর বয়স দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করার অভিযোগে মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত ২৬ এপ্রিল উপজেলার ধারাবারিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী (৭) গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়। আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখেন যে, মামলার বাদী শাহানুর রহমান এজাহারে ওই শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করেছেন। অথচ জন্মনিবন্ধন অনুযায়ী ঘটনার সময় শিশুটির বয়স ছিল মাত্র সাত বছর।
বিষয়টি নজরে আসার পর আদালত তাৎক্ষণিকভাবে শিশুটির জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে শিশুটির প্রকৃত বয়স গোপন করার কারণ জানতে চেয়ে মামলার বাদী এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করেন।
আদালতের তলব অনুযায়ী মঙ্গলবার দুপুরে মামলার বাদী শাহানুর রহমান এবং তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির হন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তদন্তকারী কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে আদালতে মিথ্যা তথ্য সরবরাহ করে এক শিশুকে হয়রানি করার অভিযোগে মামলার বাদীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেন।
প্রথম শ্রেণির একজন শিক্ষার্থীকে যুবক দেখিয়ে এমন মামলা দায়েরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা আদালতের এই কঠোর অবস্থানে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :