মাগুরার শালিখা উপজেলায় ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সরাইবাড়ি গ্রামের বাসিন্দা বালাম মাতুব্বরের ছেলে স্বপন মাতুব্বর (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্বপন মাতুব্বর দীর্ঘদিন ধরে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে মামার বাড়িতে অবস্থান করে গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল।
সোমবার (৪ মে) রাত প্রায় ৯টার দিকে শালিখা থানার এসআই মো. বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি দল শালিখা উপজেলা সদর দরিশলই সড়কের আড়পাড়া মুন্সিপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা স্বপন মাতুব্বরকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :