বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর কালিবাড়ি নতুন হাট সংলগ্ন উত্তর পাশের গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আশপাশের দুটি ইউনিয়নের অন্তত ৮ থেকে ১০টি গ্রামের হাজারো মানুষের উপজেলা সদর ও হাট-বাজারে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি সংস্কারের দাবিতে গত ১ ডিসেম্বর ২০২৫ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এলজিইডি বিভাগে আবেদন করা হয়েছিল। তবে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় অবশেষে ব্রিজটির মাঝখানের অংশ ধসে পড়ে।
বুধবার (৬ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি মালবাহী মাহিন্দ্রা গাড়ি ব্রিজ পার হওয়ার সময় ভাঙা অংশে আটকে পড়ে। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও গাড়িটি সরাতে পারেননি। এতে পুরো সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম ফারুক জানান, দ্রুত সংস্কার না হওয়ায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা হাটে মালামাল আনতে পারছেন না। এতে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন তারা।
আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার বলেন, সপ্তাহে দুইদিন এই হাট বসে। ব্রিজটি দ্রুত সংস্কার না হলে ব্যবসায়ী ও কৃষকরা পণ্য পরিবহন করতে পারবেন না। এতে এলাকার অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে এবং ঐতিহ্যবাহী হাটটি অস্তিত্ব সংকটে পড়তে পারে।
তিনি আরও জানান, আশপাশের প্রায় ১০ হাজার মানুষ এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে থাকেন। বর্তমানে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।
বাগধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য প্রদীপ বাড়ৈ বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তী বলেন, ব্রিজটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত রয়েছি। দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :