যশোরের কেশবপুরে অসহায়, দরিদ্র ও কর্মসংস্থানহীন মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পৌর কার্যালয়ে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. মোক্তার আলী। তিনি উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দিয়ে বলেন,সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি মাধ্যম। আমরা চাই মানুষ ভিক্ষাবৃত্তি নয়, আত্মকর্মসংস্থানের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবনযাপন করুক। একটি পরিবার স্বাবলম্বী হলে পুরো সমাজই উপকৃত হয়।
তিনি আরও বলেন,কোরআন ও হাদিসে দান-সদকা ও মানবকল্যাণমূলক কাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে দারিদ্র্য অনেকাংশে দূর করা সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ওয়ালিউল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান। তিনি জানান, এই সহায়তার অর্থ কোনো দলীয় তহবিল থেকে নয়; সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য দেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুর রহমান সাইদ। তিনি বলেন,সমাজে দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। ক্ষুদ্র সহায়তাও যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে একটি পরিবার ঘুরে দাঁড়াতে পারে। আমরা চাই এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা ছোট ব্যবসা বা উৎপাদনমুখী কাজ শুরু করে স্বনির্ভর হয়ে উঠুক।
সিনিয়র নায়েবে আমির মো. রেজাউল ইসলাম বলেন, মানবকল্যাণমূলক কার্যক্রমই একটি আদর্শ সমাজ গঠনের ভিত্তি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উপকারভোগীরাও সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও কেশবপুরে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :