নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে জখম: দুই আসামি গ্রেপ্তার

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৪:১৬ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন করফা গ্রামের একলিম শেখ (৪২) ও কাশেম শেখ (৫০)। তারা মামলার এজাহারভুক্ত ৩ ও ৫ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, করফা গ্রামের মৃত কুটি মিয়া শেখের ছেলে মো. ছিদ্দিক শেখ (৭৩) গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতোষপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় আহত ছিদ্দিক শেখের ছেলে রিপন শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রউফ শেখ, কবির শেখ, একলিম শেখ, পিলু শেখ, কাশেম শেখ, রমজান শেখ, মারুফ শেখ ও হাশেম আলীসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা রামদা, ছ্যানদা, চায়নিজ কুড়াল, লোহার রড, হাতুড়ি, হকিস্টিক ও লাঠি দিয়ে ছিদ্দিক শেখকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথা, হাত, ঘাড়, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আসামীপক্ষের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গত ২৫ এপ্রিল দুপুরে করফা এলাকা থেকে একলিম শেখ ও কাশেম শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Link copied!