সৌদি আরবের জুবাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুরাদ শেখের (৩৬) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর নিথর দেহ এসে পৌঁছায়।
নিহত মুরাদ শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাংগি গ্রামের মো. আব্দুল খালেক শেখের ছোট ছেলে। গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে জুবাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর থেকে মরদেহটি জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা ছিল। নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোহাম্মদ কাউসার হোসেন এবং সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। দীর্ঘ ১৬ দিন পর আজ ভোরে মরদেহটি ঢাকা পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মুরাদের পরিবারে তাঁর বৃদ্ধ মা, স্ত্রী এবং দুই শিশুকন্যাসহ মাত্র ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবারটি।
এরপর বেলা ১১টার দিকে উজানচরের দুদুখান পাড়া মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। প্রবাসী এই যুবকের অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :