মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গরু চুরির ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে গরুর চারটি পা, নগদ ৫ হাজার ৬৭৫ টাকা ও নেশা করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জনৈক শুসংকর মন্ডল, পিতা-মৃত তুফানী মন্ডল, সাং-ঘোড়ামারা, ডাকঘর-কুচিয়ামোড়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ এর গরু চুরির অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিরাজদিখান থানার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার আশ্রয়ন প্রকল্পের একটি পরিত্যক্ত ঘর থেকে ব্যবহৃত সিম ও অবস্থান শনাক্ত করে দুই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুচিয়ামোড়ার ইসরাফিলের ছেলে সোহেল (৩৭) ও শ্রীনগর উপজেলার মৃত মোকলেস এর ছেলে মকবুল(৪৫)।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গরু চুরির দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :