ফেনীর আদালত প্রাঙ্গণে স্বামীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য বিরোধের জেরে বিচার চাইতে এসে বিচারকের সামনেই বিষপান করেছেন মোহনা নামের এক নারী। শনিবার (১০ মে ২০২৬) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আদালতপাড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মোহনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেও তাকে নিজ বাড়িতে নিতে রাজি ছিলেন না তার স্বামী। বরং আলাদা ভাড়া বাসায় রাখার প্রস্তাব দেন তিনি। তবে এ প্রস্তাবে সম্মতি দেননি মোহনা। তিনি স্বামীর সংসারে পূর্ণ মর্যাদা ও স্বীকৃতি অথবা কাবিনের সম্পূর্ণ টাকা দাবি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, এসব বিষয়ে স্বামী কোনো গুরুত্ব দিচ্ছিলেন না।
স্বজনদের দাবি, স্বামীর একাধিক বিয়ে এবং দীর্ঘদিনের অবহেলা, মানসিক নির্যাতন ও দাম্পত্য অশান্তিতে ভেঙে পড়েছিলেন মোহনা। ক্রমাগত হতাশা ও ক্ষোভ থেকেই তিনি আদালতে বিচার চাইতে এসে চরম এ সিদ্ধান্ত নেন।
মোহনার এক আত্মীয় জানান, “স্বামীর প্রতারণা ও অবহেলার বিচার চাইতেই আদালতে গিয়েছিলেন তিনি। কিন্তু কোনো সমাধানের আশ্বাস না পেয়ে বিচারকের সামনেই বিষপান করেন।”
ঘটনার পর আদালতে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় আদালতপাড়া সহ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, পারিবারিক বিরোধ, মানসিক নির্যাতন ও সামাজিক অবহেলা ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে নারীদের।
আপনার মতামত লিখুন :