মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ প্রতিবাদে শালিখা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
রবিবার (১০মে) দুপুর ১২টায় শালিখা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে সকল দলিল লেখকদের উপস্হিতিতে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট মৌজার একটি জমি নিয়ে ২০২৩ সালে আদালতে মামলা দায়ের হয়। মামলাটি এখনো নিষ্পত্তি না হলেও সংশ্লিষ্ট পক্ষ জমিটি বিক্রি করে রেজিস্ট্রি সম্পন্নের উদ্দেশ্যে শালিখা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। তবে জমির নথিপত্র ও প্রয়োজনীয় প্রক্রিয়ায় ত্রুটি এবং আইনি জটিলতা থাকায় নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি কার্যক্রম স্থগিত রাখা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব-রেজিস্ট্রারকে জড়িয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শালিখা সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, বিজ্ঞ আদালত কর্তৃক দলিল রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা থাকলে জমি রেজিস্ট্রেশনের সুযোগ নেই। গত ৭ মে দাখিলকৃত একটি দলিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় দলিলটি রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। বিষয়টি দলিল লেখকের মাধ্যমে দলিলদাতাকে বুঝিয়ে বলা হলে তিনি সন্তুষ্ট হয়ে চলে যান। পরে তৃতীয় কোন পক্ষ অনৈতিক সুবিধা করতে না পেরে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া তথ্য ছড়িয়ে মানহানিকর বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন।
অফিস সংশ্লিষ্টরা আরো জানান, সরকারি বিধি-বিধান অনুসরণ করেই জমি রেজিস্ট্রির কার্যক্রম পরিচালনা করা হয়। কোনো জমির কাগজপত্রে অসঙ্গতি বা আইনি জটিলতা থাকলে যথাযথ যাচাই-বাছাই ছাড়া রেজিস্ট্রি সম্পন্ন করা সম্ভব নয়।
এবিষয়ে জানতে চাইলে শালিখা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মতিয়ার রহমান জানান,আমি দীর্ঘ ৩০ বছর যাবত দলিল লেখকের কাজ করি এখানে ১০০ দলিল হলে ২/১ একটি দলিল নিয়ে বিভিন্ন মন্তব্য হয়। তবে আমরা সরকারি বিধি মোতাবেক কাজ করি এখানে অন্য কোন লেনদেনের সুযোগ নেই।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :