সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার মাঠপাড়া এলাকার দীর্ঘদিনের অবহেলিত একটি রাস্তায় সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। প্রায় ১৭ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা রাস্তাটি সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ও কাদাময় অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তির শিকার হতে হতো। অনেক সময় জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলও ব্যাহত হতো।
এমন পরিস্থিতিতে রাস্তাটি সংস্কারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি ফেরদৌস জামান উজ্জ্বল। এ সময় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীরাও সার্বিক সহযোগিতা করেন।
দীর্ঘদিন পর হলেও রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন তারা।
এলাকার বাসিন্দা আব্দুল বলেন, “দীর্ঘ বছর ধরে আমরা এই রাস্তার কারণে অনেক কষ্ট করেছি। বর্ষাকালে হাঁটাচলাই প্রায় অসম্ভব হয়ে যেত। এখন সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি।
স্থানীয় গৃহিণী রহিমা খাতুন বলেন, “স্কুল-কলেজগামী ছেলে-মেয়েদের চলাচলে অনেক সমস্যা হতো। অসুস্থ রোগী হাসপাতালে নিতে দুর্ভোগ পোহাতে হতো। এখন রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
আরেক বাসিন্দা রবিউল সরকার রুবেল বলেন, “যারা রাস্তার কাজের উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দ্রুত কাজ শেষ হলে এলাকার মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে।
এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাস্তার উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :