আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নীলফামারীর জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন দলের উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।
রবিবার (১০ মে ) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের স্থানীয় সরকার নির্বাচনের এক শত জনের প্রার্থীর মধ্যে জলঢাকা উপজেলার প্রার্থী হিসেবে তাঁর নাম প্রকাশ করা হয়।
এসময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন আবু সাঈদ লিওন। বর্তমানে তিনি এনসিপির নীলফামারী জেলা কমিটির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় তরুণ সমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে ইতোমধ্যেই তিনি একজন সক্রিয় ও জনমুখী নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আবু সাঈদ লিওন, দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন, উপজেলা পরিষদ শুধু একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়, এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। আমি চাই জলঢাকার প্রতিটি মানুষ উন্নয়ন ও ন্যায্য সেবার সুফল ভোগ করুক।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জলঢাকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার মধ্য দিয়ে জীবন যাপন করছে। কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না, শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট রয়েছে, অনেক এলাকায় এখনো অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। আমি জনগণকে সঙ্গে নিয়েই এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি আধুনিক, উন্নত ও মানবিক জলঢাকা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি দুর্নীতি ও স্বজন প্রীতিমুক্ত স্বচ্ছ উপজেলা পরিষদ গঠনেরও অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, তাঁর মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়লে জলঢাকা উপজেলায় এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনেকেই মনে করছেন, তরুণ ও জনসম্পৃক্ত নেতৃত্ব হিসেবে আবু সাঈদ লিওন জলঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারেন।
আপনার মতামত লিখুন :