বগুড়ার সোনাতলায় নুসরাত হত্যার বিচার, মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসী ও সচেতন নাগরিকরা। উপজেলার বালুয়াহাট বাসস্ট্যান্ডে গত শনিবার (৯ মে) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে নুসরাতের মা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
মানবন্ধনে বলা হয়, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের মাধ্যমে নুসরাতকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। একজন নারীর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পরবর্তীতে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা একটি জঘন্য অপরাধ বলেও তারা মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের (৩০ অক্টোবর) উত্তর আটকরিয়া গ্রামের মোঃ নাজির হোসেন নাইমের সঙ্গে নুসরাতের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নুসরাতের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। নির্যাতনের কারণে ২০২৫ সালের (৯ জুলাই) নুসরাত তাকে তালাক দেন।
পরবর্তীতে ২০২৫ সালের (২২ অক্টোবর) বগুড়া সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকার মোঃ আবু সাইদের সঙ্গে নুসরাত দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরিবারের অভিযোগ, প্রথম স্বামী নাইম প্রতিহিংসাবশত গোপনে ধারণ করা নুসরাতের ব্যক্তিগত ভিডিও দ্বিতীয় স্বামীর কাছে পাঠান। এরপর দ্বিতীয় স্বামীও নুসরাতের ওপর মানসিক নির্যাতন শুরু করেন।
নুসরাতের পরিবারের দাবি, প্রথম স্বামীর ব্ল্যাকমেইল ও দ্বিতীয় স্বামীর অমানবিক আচরণের কারণে নুসরাতকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা এ ঘটনাকে “মানসিক ও সামাজিক হত্যাকাণ্ড” হিসেবে উল্লেখ করেছেন। গত (১২ এপ্রিল) ২০২৬ নুসরাতের মর্মান্তিক মৃত্যু ঘটে।
মানববন্ধন থেকে এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুল আলম সিজু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, কৃষকদলের সভাপতি আনিছুর রহমান আনিসসহ স্থানীয় এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :