ভূমি সেবা এখন মানুষের দোরগোড়ায়: গোপালপুরে এসি ল্যান্ড মোঃ নবাব আলীর প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৯:৪০ পিএম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আধুনিক, স্বচ্ছ এবং হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নবাব আলী। যোগদানের পর থেকেই তিনি ভূমি অফিসকে দালালমুক্ত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাস্তবমুখী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

মোঃ নবাব আলী কর্মপরিকল্পনার অন্যতম প্রধান দিক হলো ই-নামজারি  পক্রিয়াকে দ্রুততর এবং স্বচ্ছ করা।  তিনি নিয়মিতভাবে ই-নামজারির আবেদনগুলো নিজে তদারকি করছেন, যাতে কোনো আবেদনকারীকে অহেতুক সময়ক্ষেপণ করতে না হয়। তার নির্দেশনায় ভূমি অফিসের প্রতিটি স্তরে কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক সময়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গিয়ে 'ওপেন ডোর পলিসি'র মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনছেন। "ভূমি সেবা এখন আপনার হাতের মুঠোয়"—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে তিনি প্রান্তিক কৃষকদের ডিজিটাল রেকর্ড ও অনলাইনে খতিয়ান পাওয়ার বিষয়ে সচেতন করে তুলছেন। বালু উত্তোলনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান স্থানীয় সচেতন মহলের দৃষ্টি কেড়েছে।

সরেজমিনে ভূমি অফিসে আসা সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা গেছে, মোঃ নবাব আলী সরাসরি মানুষের সাথে কথা বলেন এবং ভূমি সংক্রান্ত জটিল আইনি বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দেন। এর ফলে ভূমি অফিস সম্পর্কে সাধারণ মানুষের ভীতি অনেকাংশেই দূর হয়েছে।

নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে মোঃ নবাব আলী জানান, "সরকারি সেবা পাওয়া জনগণের অধিকার। ভূমি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা গোপালপুরে একটি স্মার্ট ও জনবান্ধব ভূমি অফিস গড়তে কাজ করছি। যেখানে মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সেবা পাবেন।"

গোপালপুরবাসীর প্রত্যাশা, মোহাম্মদ নাওয়াব আলীর এই গতিশীল ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা উপজেলার ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

Advertisement

Link copied!