কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মেধা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করে এবং শিক্ষকদেরও আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনে উৎসাহ জোগায়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসাইন বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হচ্ছে শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমেও সমৃদ্ধ হতে হবে।”
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম রিজু। একই সঙ্গে উপজেলার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি অর্জন করেছে ফুলবাড়ী ডিগ্রি কলেজ।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যাপক নির্বাচিত হয়েছেন ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হোসেন সোহরাওয়ার্দ্দী দুলু। বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী তপন কুমার সেন।
এ ছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে বড়ভিটা উচ্চ বিদ্যালয়। শিক্ষা কার্যক্রম, ফলাফল, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রশংসিত হয়েছে বোয়ালভিল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।
আপনার মতামত লিখুন :