সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি স্ট্যান্ড হতে প্রায় এক কিলোমিটার বেহাল রাস্তার মেরামত কাজের উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে টিক্কা খান।
আজ রবিবার (১০ মে ) সকালে দড়িকান্দি এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁদা-পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ত রাস্তাটি।
উদ্বোধনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে রাস্তাটির মেরামত কাজ শুরু করা হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য কাঁচা ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোও সংস্কার করা হবে।
এ সময় স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কার হলে দড়িকান্দি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ হবে। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।
আপনার মতামত লিখুন :