মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার মাছের রেনু পাচারকালে আটক ৭, কারাদণ্ড

সোহাগ ইসলাম , মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৬:২১ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১৩ মণ ফাইসা ও বাটা মাছের রেনু পাচারকালে সাত পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১০ মে ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ দণ্ডাদেশ দেন। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ মণ ওজনের প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনুসহ তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থেকে রামপাল গামী একটি নৌযানকে অনুসরণ করে নেছারাবাদ কোস্টগার্ড টিম অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বড়মাছুয়া ব্রিজ এলাকায় নৌযানটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রেনু পোনা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— দাকোপা গ্রামের মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান (২৮), দেলোটি পাইকগাছা গ্রামের মো. মুস্তাঈন (৩৫), দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো. জাকির গাজী (৪১), দাকোপা গড়কালী গ্রামের মো. সিরাজ সরদার (৫৮), পাইকপাড়া দেলোটি গ্রামের মো. তুহিন শেখ (২৬) এবং একই এলাকার মো. পলাশ (৪০)।

অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নেছারাবাদ কোস্টগার্ডের পেটি কর্মকর্তা শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 

Link copied!