কালিহাতীতে অবৈধ মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা, ভেকু-ট্রাক জব্দ

মনির হোসেন , কালিহাতী(টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৫:১২ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী, এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে রাতভর অভিযান পরিচানা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন।

শনিবার (৯ মে) দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম ও কালিহাতী থানা পুলিশ।

এতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের  কদিম হামজানী এলাকায় বালুমহাল ও ম‌াটি ব‌্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে প‌রিচা‌লিত মোবাইল কো‌র্টে  তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটর (ভেকু)মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক রাস্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!