মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ চালক, উদ্ধার অভিযানে তিন বাহিনী

মোঃ ইশতিয়াক আহমেদ , মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৪:০৯ পিএম

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মো. হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলারচালক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ( ১৪ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের লেবারঘাট সংলগ্ন মোংলা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউনুস মোড়লের ছেলে।

স্থানীয় লোকজন জানান, হোসেন মোড়ল প্রতিদিনের মতো চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। বৃহস্পতিবারও ‘রেডি স্টার হ্যাচারী’ থেকে পোনা নিয়ে ঘাটে পৌঁছান তিনি। পরে ট্রলার থেকে নামার সময় হঠাৎ নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান।

খবর পেয়ে প্রথমে স্থানীয় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। তবে দুপুর পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার মো. দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ ট্রলারচালককে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।

 

Link copied!